কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআই তাদের চ্যাটজিপিটিতে বড় ধরনের পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে। চ্যাটজিপিটির চ্যাট ও চ্যাটজিপিটি ওয়ার্ক সুবিধা ব্যবহারের সীমা একীভূত করার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। নতুন এই ব্যবস্থার আওতায় সুবিধা দুটিতে আর আলাদা ব্যবহার সীমা থাকবে না, বরং উভয় সুবিধার জন্য একটি অভিন্ন সীমা নির্ধারণ করা হবে।
এই পরিবর্তনের ফলে নিয়মিত ও ব্যাপক ব্যবহারকারীদের একটি অংশের নির্ধারিত সীমা আগের তুলনায় দ্রুত শেষ হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অনেক ব্যবহারকারী। সামাজিক যোগাযোগমাধ্যম ও ওপেনএআইয়ের কমিউনিটি ফোরামে এ নিয়ে উদ্বেগ জানিয়েছেন তাঁরা। ব্যবহারকারীদের শঙ্কা, একই সাবস্ক্রিপশন ফি দিয়ে তাঁরা আগের তুলনায় কমবার উন্নত মডেল ব্যবহারের সুযোগ পাবেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ওপেনএআইয়ের পণ্য বিভাগের প্রধান থিবো ‘টিবো’ সোশিও জানিয়েছেন, প্রাথমিকভাবে অল্পসংখ্যক প্রো গ্রাহকের জন্য নতুন এই ব্যবস্থাটি চালু করা হয়েছে। এর আগে ইমেইলের মাধ্যমে গ্রাহকদের এই পরিবর্তনের কথা জানানো হয়েছিল।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চকে ওপেনএআইয়ের এক মুখপাত্র জানিয়েছেন, নতুন ব্যবস্থায় অধিকাংশ গ্রাহকের ব্যবহারের সীমা দ্রুত শেষ হওয়ার আশঙ্কা নেই। তবে যারা নিয়মিত ও ব্যাপকভাবে চ্যাটজিপিটি ব্যবহার করেন, তাদের একটি ছোট অংশের ক্ষেত্রে নির্ধারিত সীমা আগেভাগেই শেষ হয়ে যেতে পারে।
এদিকে, চ্যাটজিপিটিতে আরও কিছু পরিবর্তন আসছে। চ্যাট বিভাগের জন্য নতুন মডেল চালুর ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি এবং আগামী ২৩ ডিসেম্বর থেকে পুরোনো মডেল সরিয়ে নেওয়া হবে বলে জানানো হয়েছে।












