লক্ষ্মীপুর পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা প্রয়াত আবু তাহেরের ছেলে এ এইচ এম আফতাব উদ্দিন বিপ্লবের একটি ফোনালাপের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রায় তিন মিনিটের ওই কথোপকথনে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের লক্ষ্য করে হামলা ও বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার নির্দেশনা দিতে শোনা যায়।
ভাইরাল হওয়া অডিওটিতে বলতে শোনা যায়, বিশ্বস্ত ৫-৬ জনের একটি গেরিলা বাহিনী তৈরি করে বিএনপি-জামায়াতের প্রধান প্রধান ব্যক্তিদের লক্ষ্য করে হামলা চালাতে হবে এবং বাড়িঘর পুড়িয়ে দিতে হবে। তবে এই অডিও রেকর্ডটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে বলে দাবি করেছেন অভিযুক্ত আওয়ামী লীগ নেতা বিপ্লব।
সামাজিক যোগাযোগমাধ্যমে এই ফোনালাপ ছড়িয়ে পড়ার পর থেকেই স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনার সৃষ্টি হয়েছে। তবে ফাঁস হওয়া এই অডিও রেকর্ডের সত্যতা এবং এর পেছনের প্রেক্ষাপট নিয়ে তাৎক্ষণিকভাবে নিরপেক্ষ কোনো সূত্র থেকে নিশ্চিত করা সম্ভব হয়নি।












