বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবই তুলে দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, পরীক্ষার ফল প্রকাশের দিনেই শিক্ষার্থীদের নতুন বই দেওয়া হবে।
আগামী ২৪ থেকে ২৭ ডিসেম্বরের মধ্যে দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে নতুন বই পৌঁছে দেওয়ার সার্বিক প্রস্তুতি চলছে। নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের হাতে মানসম্মত বই তুলে দিতে মুদ্রণ, বাঁধাই ও মাঠপর্যায়ে সরবরাহের কাজ নির্ধারিত সময়ের আগেই শেষ করা হচ্ছে।
এদিকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যানের তথ্য অনুযায়ী, মাধ্যমিক স্তরে ছাপানো মোট বইয়ের সিংহভাগ ইতিমধ্যেই মাঠপর্যায়ে সরবরাহ করা হয়েছে। এর পাশাপাশি দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্রেইল বই ছাপানোর উদ্যোগও নেওয়া হয়েছে।
শিক্ষামন্ত্রী আরও জানান, শিক্ষাব্যবস্থাকে আরও আনন্দদায়ক ও কর্মমুখী করে তুলতে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন পাঠ্যবই চালুর পদক্ষেপ নেওয়া হয়েছে। সেই সঙ্গে আগামী বছর থেকেই শিক্ষার্থীদের জন্য স্কুল ড্রেস ও দুপুরের খাবারের ব্যবস্থা করার পরিকল্পনাও রয়েছে সরকারের।












