গোপালগঞ্জে হঠাৎ করে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) অনেক গ্রাহকের অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। এর ফলে টাকা পাঠানো, উত্তোলন এবং বিভিন্ন বিল পরিশোধের মতো জরুরি সেবা থেকে বঞ্চিত হয়েছেন সাধারণ মানুষ ও ক্ষুদ্র ব্যবসায়ীরা।
বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সন্দেহজনক লেনদেনের অভিযোগ তুলে বিকাশ ও নগদসহ বিভিন্ন মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানের একাধিক হিসাব লক বা বন্ধ করে দেওয়া হয়েছে। গ্রাহকদের মুঠোফোনে অ্যাকাউন্ট বন্ধের বার্তা পাঠানো হচ্ছে। পাশাপাশি গোপালগঞ্জে এসব সেবার প্রধান কাস্টমার কেয়ার সেন্টার, অধিকাংশ এজেন্ট পয়েন্ট এবং ডিস্ট্রিবিউশন অফিসও বন্ধ রাখা হয়েছে।
এদিকে প্রধান কার্যালয় ও কাস্টমার কেয়ার বন্ধ থাকায় এবং অ্যাকাউন্টে টাকা আটকে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকেরা। তবে সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন, আগামী ৩০ নভেম্বর থেকে পুনরায় কার্যক্রম চালু হতে পারে।
অন্যদিকে, গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা বন্ধ রাখার তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। সংগঠনটির পক্ষ থেকে অবিলম্বে এসব সেবা চালুর জোর দাবি জানানো হয়েছে।












