বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত (স্টেম) খাতে নারীদের অংশগ্রহণ বাড়াতে কাজ করা ‘শি-স্টেম’ কনসোর্টিয়ামের তিন বছর মেয়াদী প্রকল্পের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। নেদারল্যান্ডস দূতাবাসের সহায়তায় পরিচালিত এই প্রকল্পের আওতায় মোট ২৯০ জন তরুণীর জন্য চাকরি ও ইন্টার্নশিপের সুযোগ তৈরি করা হয়েছে।
রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে এই তথ্য জানানো হয়। তিন বছর ধরে চলা এই প্রকল্পের কার্যক্রমে দেশের ১৫টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের ৬ হাজার ৮৪৫ জন শিক্ষার্থী সম্পৃক্ত হয়েছেন, যার মধ্যে প্রায় ৬০ শতাংশই নারী।
সংশ্লিষ্টরা জানান, এই উদ্যোগের ফলে উচ্চশিক্ষায় এবং কর্মক্ষেত্রে নারীদের প্রযুক্তিগত ও বৈজ্ঞানিক খাতে এগিয়ে যাওয়ার পথ আরও সুগম হয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে কর্মশালা ও সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে স্টেম খাতে নারীদের ক্যারিয়ার গঠনে সহায়তা করেছে শি-স্টেম কনসোর্টিয়াম।











