ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের আমলে দেশটির মানবাধিকার ও গণতান্ত্রিক স্বাধীনতা রক্ষাকারী প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে পড়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। গত সোমবার প্রকাশিত ৯৫ পৃষ্ঠার এক প্রতিবেদনে এই পর্যবেক্ষণ তুলে ধরে সংস্থাটি।
প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) পরিচালিত সরকার সংসদীয় প্রক্রিয়া ক্ষুণ্ন করছে এবং বিরোধী দলগুলোকে দমন করছে। এ ছাড়া রাজনৈতিক স্বার্থে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোর অপব্যবহার, নির্বাচন কমিশন ও বিচার বিভাগসহ বিভিন্ন সাংবিধানিক সংস্থায় হস্তক্ষেপ করারও দাবি করা হয়েছে।
হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের পরিচালক ইলেইন পিয়ারসন বলেন, গত এক দশকে মোদি সরকার নাগরিক স্বাধীনতা রক্ষার স্বাধীন প্রতিষ্ঠানগুলোকে ভেতর থেকে ফাঁপা করে দিয়েছে। সরকারের নীতির কারণে আইনের শাসন ক্ষুণ্ন হয়েছে এবং হিন্দু সংখ্যাগরিষ্ঠতাবাদ উৎসাহিত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত ৪০ জনের বেশি আইনজীবী, সাংবাদিক, মানবাধিকারকর্মী ও সাবেক কর্মকর্তার সাক্ষাৎকারের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে বলে জানানো হয়েছে।












