আইনজীবীর সনদ নিয়ে আইন পেশার পাশাপাশি চাকরি, ব্যবসা বা অন্য কোনো পেশায় নিয়োজিত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে উচ্চপর্যায়ের একটি তদন্ত বা সতর্কতা কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রুলসহ এই আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, বার কাউন্সিলের সচিবসহ সংশ্লিষ্ট কমিটির চেয়ারম্যানদের প্রতি এই নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া বহুল প্রচারিত জাতীয় দৈনিক পত্রিকায় গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে বলা হয়েছে, যাতে দ্বৈত পেশায় থাকা আইনজীবীরা নিজ দায়িত্বে সনদ সমর্পণ না করলে বা ওই পেশা থেকে বিরত না থাকলে তাদের বিরুদ্ধে সতর্কবার্তা ও নির্দেশনা দেওয়া যায়।
রিট আবেদনকারী আইনজীবী ফরহাদ উদ্দিন আহমেদ ভূইয়া নিজেই আদালতে শুনানি করেন। তিনি জানান, এর আগে দ্বৈত পেশায় যুক্ত আইনজীবীদের বিষয়ে ব্যবস্থা নিতে ২০২৩ সালে বার কাউন্সিলের সচিব বরাবর আবেদন করা হয়েছিল এবং পরবর্তীতে আইনি নোটিশ দেওয়া হয়। কোনো প্রতিকার না পেয়ে সুপ্রিম কোর্টের ওই আইনজীবী হাইকোর্টে রিট দায়ের করেন।
আদালতের এই নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ও শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খাঁন জিয়াউর রহমান।












