দেশের ওটিটি প্ল্যাটফর্মের জনপ্রিয় চরিত্র ‘অ্যালেন স্বপন’ নতুন সিজন নিয়ে ফিরছে। চরকি অরিজিনাল সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’-এর তৃতীয় সিজনে অভিনয় করতে যাচ্ছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। এই সিজনে অভিনেতা নাসির উদ্দিন খানের সঙ্গে জুটি বাঁধছেন তিনি।

পরিচালক শিহাব শাহীন সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আসন্ন এই নতুন কিস্তিতে প্রভার দেখা মিলবে। তবে আগের দুটি সিজনে এই চরিত্রে অভিনয় করা রাফিয়াত রশিদ মিথিলা এই সিজনে থাকছেন না।

উল্লেখ্য, ২০২২ সালে ‘সিন্ডিকেট’ ওয়েব সিরিজের মাধ্যমে প্রথমবারের মতো পর্দায় হাজির হয়েছিল ‘অ্যালেন স্বপন’ চরিত্রটি। পরবর্তীতে চরিত্রটির জনপ্রিয়তা এতটাই বৃদ্ধি পায় যে তাকে নিয়ে আলাদা সিরিজ নির্মাণ করা হয়, যা দর্শকের মাঝে ব্যাপক সাড়া ফেলে।