রাজধানীর ধানমন্ডি ৬/এ এলাকার আনাম র‍্যাংস প্লাজায় অবস্থিত পূরবী জুয়েলার্স থেকে প্রায় ২ হাজার ভরি স্বর্ণালংকার ও নগদ ১০ থেকে ১২ লাখ টাকা চুরি হয়েছে বলে দোকান কর্তৃপক্ষের দাবি। চ্যানেল আই অনলাইনের প্রতিবেদন অনুসারে, শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে।

দোকানের বিক্রেতা জোবায়ের আহমেদের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়, রাতের বেলা মোরগ পোলাও খাইয়ে মলের নিরাপত্তাকর্মীদের অচেতন করা হয়, এরপর দোকান থেকে গহনা নিয়ে যাওয়া হয়। জুয়েলার্সের মালিক অমিত ঘোষ প্রথম আলোকে জানান, প্রায় ২ হাজার ভরি গহনা এবং নগদ ১০–১২ লাখ টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা। জাগো নিউজ ২৪ জানিয়েছে, চুরি যাওয়া অলংকারের মধ্যে সোনা, রুপা ও হীরার গহনাও রয়েছে।

ঘটনার তদন্তে সিআইডির একটি দল দোকানে গিয়েছে। ধানমন্ডি থানার এক কর্মকর্তা প্রথম আলোকে জানান, তদন্তকারীদের ধারণা, সহকর্মীদের অচেতন করার পর চুরির ঘটনায় ওই নিরাপত্তাকর্মীদের কয়েকজনই যুক্ত ছিলেন। প্রথম আলোর খবর অনুযায়ী, মলের দুই নিরাপত্তাকর্মী পলাতক রয়েছেন এবং সন্দেহভাজন হিসেবে অপর চারজনকে আটক করা হয়েছে।

জুয়েলার্সের জ্যেষ্ঠ বিক্রেতা সঞ্জীব শীল অবশ্য প্রথম আলোকে বলেন, ঘটনার পর তিনজন নিরাপত্তাকর্মী নিখোঁজ রয়েছেন — একজন জুয়েলার্সের নিজস্ব কর্মী এবং দুজন মলের। তাঁর ভাষ্য অনুযায়ী, সিসিটিভি ফুটেজে তিন থেকে পাঁচজনকে মলে ঢুকতে দেখা গেছে, সঙ্গে ছিলেন আরও দুজন অপরিচিত ব্যক্তি। ওই ফুটেজে স্পষ্ট দেখা গেছে, নিখোঁজ নিরাপত্তাকর্মীদের একজনই তাঁদের দোকানে ঢোকার ব্যবস্থা করে দেন।