ফুটবল ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে এক হাজার গোলের মাইলফলক ছোঁয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পেশাদার ক্যারিয়ারে নিজের ৯৮৭তম গোলটি করে নতুন আলোচনায় এসেছেন এই পর্তুগিজ মহাতারকা। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিটের ম্যাচে কাতারের ক্লাব আল সাদের বিপক্ষে ২-১ ব্যবধানের জয় পেয়েছে তার দল আল নাসর।
ম্যাচের শুরুর দিকে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন রোনালদো। এর আগে সৌদি প্রো লিগে টানা দুটি পেনাল্টিতে গোল করতে ব্যর্থ হলেও, এদিনের স্পটকিক থেকে ঠিকই লক্ষ্যভেদ করেন তিনি। আল নাসরের জার্সিতে এটি ছিল তার তৃতীয় পেনাল্টি গোল।
ঘরের মাঠে আল সাদের বিপক্ষে এই জয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিটে নিজেদের অবস্থান আরও সুসংহত করল সৌদির ক্লাবটি। আসরে প্রথম ম্যাচে হারলেও পরবর্তী তিন ম্যাচে টানা জয় তুলে নিয়েছে আল নাসর।
হাজার গোলের ঐতিহাসিক মাইলফলক ছুঁতে এখন পর্তুগিজ ফরোয়ার্ডের প্রয়োজন মাত্র ১৩টি গোল। তার এই দারুণ পারফরম্যান্সে উচ্ছ্বসিত বিশ্বজুড়ে থাকা তার ভক্ত-সমর্থকরা।












