আর্জেন্টিনার ফুটবল ঐতিহ্য ও প্রশিক্ষণ কৌশলের সঙ্গে পরিচয় করিয়ে দিতে বাংলাদেশের খুদে ফুটবলারদের নিয়ে একটি বিশেষ ইয়ুথ ফুটবল ক্লিনিকের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) উদ্যোগে বুধবার ঢাকার বাফুফে ভবনের টার্ফে এই আয়োজন সম্পন্ন হয়।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) আন্তর্জাতিক বিভাগের একটি প্রতিনিধিদলের সরাসরি তত্ত্বাবধানে এই প্রশিক্ষণ ক্লিনিক পরিচালিত হয়। লিওনেল মেসি ও আনহেল দি মারিয়াদের দেশের ফুটবল কৌশল ও দর্শন খুদে ফুটবলারদের সামনে তুলে ধরা হয় এই আয়োজনের মাধ্যমে।
বাংলাদেশের ফুটবলপ্রেমীদের বিশেষ ভালোবাসার প্রতি সম্মান জানিয়ে এবং ফুটবলের দীক্ষা পৌঁছে দিতে এএফএ প্রতিনিধিরা বাংলাদেশ সফর করছেন। এই আয়োজনের মধ্য দিয়ে দুই দেশের ফুটবল সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।












