উয়েফা চ্যাম্পিয়নস লিগে দীর্ঘ ১৯ বছর ধরে জয়হীন থাকার অনাকাঙ্ক্ষিত এক রেকর্ড গড়েছে চেক প্রজাতন্ত্রের ক্লাব স্লাভিয়া প্রাগ। ঘরের মাঠ ফরচুনা অ্যারেনায় ভিয়ারিয়ালের বিপক্ষে ১-০ গোলে হেরেছে ক্লাবটি। এই হারের মাধ্যমে ইউরোপের শীর্ষ এই ক্লাব প্রতিযোগিতায় টানা ২৪ ম্যাচে জয়শূন্য থাকার রেকর্ড গড়ল তারা।
প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, চ্যাম্পিয়নস লিগে স্লাভিয়া প্রাগের সর্বশেষ জয়টি এসেছিল ২০০৭ সালের ১৯ সেপ্টেম্বর, স্টুয়া বুখারেস্টের বিপক্ষে গ্রুপ পর্বে। এরপর দীর্ঘ ৭ হাজার ৯ দিন বা ১৯ বছর ২ মাস ৮ দিন পেরিয়ে গেলেও প্রতিযোগিতায় আর কোনো জয়ের দেখা পায়নি ২২ বারের চেক লিগজয়ী দলটি।
এই ২৪ ম্যাচের দীর্ঘ জয়হীন যাত্রায় স্লাভিয়া প্রাগ ১৬টি ম্যাচে হেরেছে এবং ৮টিতে ড্র করেছে। এর আগে ইউরোপের শীর্ষ এই প্রতিযোগিতায় টানা ২৩ ম্যাচে জয়হীন থাকার রেকর্ডটি যৌথভাবে ছিল গ্রিসের এইকে এথেন্স এবং রোমানিয়ার স্টুয়া বুখারেস্টের দখলে। এইকে এথেন্স ১৯৮৯ থেকে ২০০৬ সাল পর্যন্ত এবং স্টুয়া বুখারেস্ট ২০০৬ থেকে ২০১৩ সাল পর্যন্ত টানা ২৩ ম্যাচে জয়হীন ছিল। স্লাভিয়া প্রাগ গতকাল রাতে এই দুই ক্লাবকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়েছে। ২০০৭ সালের সেই জয়টিই প্রতিযোগিতার মূল পর্বে স্লাভিয়ার একমাত্র জয় হিসেবে রয়ে গেছে।












