সরকারি মালিকানাধীন প্রায় ৫০টি কারখানায় বেসরকারি খাতের বিনিয়োগ আহ্বান করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। তিনি বলেন, নতুন বিনিয়োগের মাধ্যমে এসব কারখানা পুনরুজ্জীবিত করা হলে দেশে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং তা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

মঙ্গলবার দুপুরে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ পরিদর্শন শেষে কলেজ মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাণিজ্যমন্ত্রী এসব কথা জানান। তিনি উল্লেখ করেন, সরকারি মালিকানাধীন বেশিরভাগ শিল্পকারখানার আয়ুষ্কাল অনেক আগেই শেষ হয়ে গেছে। এসব কারখানা চিহ্নিত করে তালিকা তৈরি করা হয়েছে এবং পুনরুজ্জীবনের জন্য একটি কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

আগামী বছরের শুরু থেকে এসব কারখানার জন্য দরপত্র আহ্বানের কার্যক্রম শুরু হবে বলে জানান মন্ত্রী। পাশাপাশি জ্বালানি সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি নতুন শিল্পে বিনিয়োগের জন্য সহজ ঋণ সুবিধা চালুর উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানান।

কৃষি খাত প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, কৃষিতে বাংলাদেশের উৎপাদন সক্ষমতার পুরোটা এখনো কাজে লাগানো সম্ভব হয়নি। ধানসহ বিভিন্ন কৃষিপণ্যের উৎপাদন বাড়ানোর পর্যাপ্ত সুযোগ রয়েছে। সঠিক সদ্ব্যবহার করা গেলে বাংলাদেশ একসময় চাল রপ্তানিকারক দেশে পরিণত হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।