ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সাম্প্রতিক বিদেশ ভ্রমণ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিবিসি স্পোর্টের এক অনুসন্ধানে বলা হয়েছে, বিশ্বকাপের মালিকানার অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনার খবর প্রকাশের পর গত ১১৫ দিনে তিনি ৩২টি দেশ সফর করেছেন।

প্রতিবেদন অনুযায়ী, এই সময়ে তিনি অন্তত ৩৯ বার ব্যক্তিগত বিমানে চড়েছেন এবং প্রায় ১ লাখ ২ হাজার ৮৭০ মাইল পথ পাড়ি দিয়েছেন। উড়োজাহাজে তাঁর কাটানো সময়ের পরিমাণ ২১৩ ঘণ্টা বা প্রায় ৯ দিন। ফিফার অন্যতম পৃষ্ঠপোষক কাতার এয়ারওয়েজের সহযোগী প্রতিষ্ঠান কাতার এক্সিকিউটিভ পরিচালিত এসব ব্যক্তিগত বিমান ব্যবহার করেছেন তিনি। গত বছরের একই সময়ের তুলনায় তাঁর সফরের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে।

সমালোচকদের আশঙ্কা, আগামী মার্চে ফিফা সভাপতি নির্বাচনে পুনর্নির্বাচিত হওয়ার প্রচারণায় ইনফান্তিনো তাঁর পদ ও সুযোগ-সুবিধা ব্যবহার করছেন। ফিফার সাবেক গভর্ন্যান্স কমিটির প্রধান মিগেল মাদুরো বিবিসিকে জানিয়েছেন, এই সফরগুলো মূলত তাঁর প্রচারণারই অংশ।

এর আগে ব্রিটিশ সংবাদমাধ্যমের প্রতিবেদনে প্রকাশ পেয়েছিল যে, ফুটবলের বাণিজ্যিক স্বত্ব প্রায় এক শতাব্দীর জন্য, অর্থাৎ সর্বোচ্চ ৯৬ বছরের জন্য একটি প্রতিষ্ঠানের কাছে তুলে দেওয়ার পরিকল্পনা করেছিলেন ইনফান্তিনো। প্রায় ২০ বিলিয়ন ডলারের ওই প্রস্তাবিত উদ্যোগ এবং বিশ্বকাপের মালিকানা বিক্রির বিষয়টি নিয়ে ফুটবল বিশ্বে নানা প্রশ্ন ও বিতর্ক তৈরি হয়েছে।