আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশের রাজধানী আসাদাবাদের উপকণ্ঠে আন্দারসির এলাকায় একটি বিদ্যালয়ের কাছে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী নিহত হয়েছে। তবে কিছু গণমাধ্যম ও স্থানীয় হাসপাতাল সূত্র শুরুতে ৬ জন নিহত হওয়ার কথা জানিয়েছিল। এ ঘটনায় আহত হয়েছেন আরও শতাধিক মানুষ।
শনিবার (২৮ নভেম্বর) সকালে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। তালেবান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মতিন কোয়ানি বিবিসিকে জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে যে পাশের খনি কোম্পানিগুলোর একটি বিস্ফোরক ডিপো বা স্কুলসংলগ্ন বাড়িতে মজুত রাখা ডিনামাইট ও অবহেলা-অসাবধানতার কারণে এই বিস্ফোরণ ঘটেছে।
কুনার প্রাদেশিক হাসপাতালের প্রধান মাওলা দাদ আল জাজিরাকে জানান, হতাহতের এই সংখ্যা প্রাথমিক। অন্যদিকে, কুনার প্রদেশের তথ্য ও সংস্কৃতি বিভাগের প্রধান সামি উল হক বায়ান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আহতদের সংখ্যা ৯০ থেকে ১১০ জনের বেশি এবং তাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও ও চিত্রে দেখা গেছে, আহত শিশুদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে এবং চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। আফগানিস্তানে খনিশিল্প ব্যাপক হলেও সেখানে নিরাপত্তার মান প্রায়ই দুর্বল থাকে, যার ফলে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে থাকে। এ ঘটনার বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।











