চট্টগ্রাম নগরের রেলস্টেশনের পাশে কদমতলী এলাকায় ঢাকাগামী একটি মেইল ট্রেনের বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে রেলওয়ে কর্মী ও সংশ্লিষ্টদের দ্রুত পদক্ষেপে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।
প্রথম আলো ও বাংলা ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, শনিবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। দেওয়ানহাটের ইয়ার্ড থেকে ঢাকাগামী 'ঢাকা মেইল' ট্রেনটি চট্টগ্রাম স্টেশনে আসার পথে কদমতলী এলাকায় পৌঁছালে একটি বগির জানালা দিয়ে দাহ্য পদার্থ ছুড়ে দুটি সিটে আগুন ধরিয়ে দেওয়া হয়। সে সময় ট্রেনটিতে কোনো যাত্রী ছিল না।
চট্টগ্রাম রেলস্টেশনের মাস্টার আবু জাফর মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রেনটি ইয়ার্ড থেকে স্টেশনে ফিরছিল। দাহ্য পদার্থ ছুড়ে আগুন দেওয়ার পর রেলের লোকজন দুয়েক মিনিটের মধ্যেই তা নিভিয়ে ফেলেন। এ ঘটনায় দুটি সিট পুড়ে গেলেও ট্রেনটি তার নির্ধারিত সময়েই ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
খবর পেয়ে রেলওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থল ও স্টেশন এলাকায় ট্রেনটি পরিদর্শন করেন। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।











