রাজশাহীর গোদাগাড়ীতে 'জয় বাংলা' স্লোগান দেওয়ার অভিযোগে দুই তরুণকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে গোদাগাড়ী থানার সামনের একটি চায়ের দোকান থেকে তাঁদের আটক করা হয় এবং শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

আটক দুজন হলেন শাহামাত সাদিক (২৪) ও মো. সাইফ (২৩)। শাহামাত গোদাগাড়ী পৌরসভার সারেংপুর মহল্লার বাসিন্দা। সাইফের নিজ বাড়ি একই উপজেলার কাঁকনহাট এলাকায়; তিনি সারেংপুরে নানার বাড়িতে থাকতেন বলে প্রথম আলো জানিয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, শুক্রবার বিকেলে দুটি মোটরসাইকেলে চার তরুণ গোদাগাড়ী উপজেলা সদরের দিক থেকে স্লোগান দিতে দিতে পৌরসভার দিকে যাচ্ছিলেন। একটি মোটরসাইকেলের দুই আরোহী পালিয়ে যান; অন্যটির দুইজন থানার সামনের চায়ের দোকানে বসে পড়লে সেখান থেকে তাঁদের আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, গোদাগাড়ীর পাকড়ি এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা একটি মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

তবে আটক দুজনের পরিবার দাবি করেছে, তাঁরা দুজনই ২০২৪ সালের জুলাই আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন এবং আওয়ামী লীগ সরকারের পতনের আগের দিনের ছবিতেও তাঁরা রয়েছেন। পরিবারের দেওয়া ছবিতে 'দফা এক দাবি এক, খুনি হাসিনার পদত্যাগ' লেখা ফেস্টুনের সামনে অন্যদের সঙ্গে শাহামাত ও সাইফকে দেখা যায়। পরিবারের ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট গোদাগাড়ী উপজেলা সদরে ছবিটি তোলা হয়।