লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মোবাইল ফোনে কল ও ফেসবুক লাইভে এসে থানা জ্বালিয়ে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের দুই নেতার বিরুদ্ধে এ অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রামগঞ্জ থানায় এ বিষয়ে দুটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

অভিযুক্ত দুজন হলেন—রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু জাফর এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আফরান খান (আফরান খাঁন মাহিম)। হুমকি দেওয়ার অডিও রেকর্ড ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

প্রতিবেদন অনুযায়ী, রামগঞ্জ থানার ওসি ফিরোজ উদ্দিন চৌধুরীকে মুঠোফোনে কল করে হুমকি দেন ছাত্রলীগের সাবেক নেতা আফরান খান। ফোনালাপে পুলিশকে উদ্দেশ করে তিনি বলেন, দলীয় নেতা-কর্মীদের আটক বা হয়রানি করা হলে থানা জ্বালিয়ে দেওয়া হবে। অন্যদিকে, একই দিনে ফেসবুক লাইভে এসে যুবলীগ নেতা আবু জাফরও ওসিকে হুমকি দেন এবং তিন দিনের আলটিমেটাম দেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও অডিওতে দুই নেতাকে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে আক্রমণাত্মক ভাষা ব্যবহার করতে দেখা ও শোনা যায়। পুলিশ জানিয়েছে, এ ঘটনার আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।