দেশের প্রশাসনিক কেন্দ্রবিন্দু বাংলাদেশ সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত বা মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত বিসিএস প্রশাসন ক্যাডারের তিন উপসচিব। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-২ শাখা থেকে গত ২৩ নভেম্বর এই প্রজ্ঞাপন জারি করা হয়। সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলাম এই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন।
জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে মো. তোফায়েল হোসেন ও কাজী মো. আবদুর রহমানসহ তিন জন উপসচিব রয়েছেন, যারা এখন সচিবালয় প্রাঙ্গণে মোবাইল কোর্ট পরিচালনা করতে পারবেন।












