যুক্তরাষ্ট্রের ফুটবলে ইতিহাস গড়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান। মেজর লিগ সকারে (এমএলএস) ২০২৬ সালের সেরা তরুণ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ফিলাডেলফিয়া ইউনিয়নের এই অ্যাটাকিং মিডফিল্ডার। মাত্র ১৭ বছর ৫৬ দিন বয়সে এই স্বীকৃতি অর্জন করে তিনি একটি রেকর্ড গড়েন।
এমএলএস ক্লাবগুলোর কারিগরি কর্মকর্তা, সংবাদমাধ্যম এবং বর্তমান খেলোয়াড়দের ভোটে এই বিজয়ী নির্ধারিত হয়। মোট ভোটের ৬৫.০৬ শতাংশ অর্জন করেন সুলিভান। ভোটিংয়ের তিনটি ক্যাটাগরির প্রতিটিতেই তিনি শীর্ষে ছিলেন। সংবাদমাধ্যমে তিনি ৮০ শতাংশ এবং সহকর্মী পেশাদার খেলোয়াড়দের কাছ থেকে ৬০.৩৪ শতাংশ ভোট পান। তিনি পেছনে ফেলেন যুক্তরাষ্ট্রের জাতীয় দলের দুই সতীর্থ জুলিয়ান হল ও আদ্রি মেহমেতিকে।
চলতি মৌসুমে ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেন সুলিভান। নিজের প্রথম মৌসুমে ২৯ ম্যাচে ৯ গোল এবং ১৪ অ্যাসিস্টসহ মোট ২৩টি গোলে অবদান রাখেন তিনি। এমএলএসের ইতিহাসে কোনো কিশোর খেলোয়াড় এক মৌসুমে এত বেশি গোলে অবদান রাখতে পারেননি। এছাড়া টানা ১০ ম্যাচে গোলের সাথে যুক্ত থেকে আরেকটি রেকর্ড গড়েন এই তরুণ। এর আগে গত সেপ্টেম্বরে তিনি এমএলএস মাসসেরা খেলোয়াড়ের পুরস্কারও অর্জন করেছিলেন।












