ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপের ৩৬তম রাউন্ডের ম্যাচে ঘরের মাঠে গ্রেমিওর কাছে ২-০ গোলে পরাজয় বরণ করেছে সান্তোস। সাও পাওলোর মোরুম্বি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে পুরো সময় খেলে দলের হার এড়াতে পারেননি তারকা ফরোয়ার্ড ও অধিনায়ক নেইমার জুনিয়র। মৌসুমের শেষটা ভালো না কাটায় দলটির পারফরম্যান্স নিয়ে হতাশা তৈরি হয়েছে।
ম্যাচ শেষে রেফারি রামোন আবাতি আবেলের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন নেইমার। তার অভিযোগ, পুরো ম্যাচজুড়ে তাকে বারবার ফাউল করা হলেও রেফারি প্রতিপক্ষ খেলোয়াড়দের বিরুদ্ধে কোনো কঠোর ব্যবস্থা নেননি এবং সঠিক পেনাল্টির সিদ্ধান্ত থেকেও বঞ্চিত করা হয়েছে।
এদিকে হারের পাশাপাশি সান্তোসে নেইমারের ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। আগামী ৩১ ডিসেম্বর ক্লাবটির সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে। তবে এখন পর্যন্ত নতুন চুক্তি নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।












