আফ্রিকা কাপ অব নেশনসের (আফকন) ২০২৫ আসরের শিরোপা ফিরে পেয়েছে সেনেগাল। মঙ্গলবার কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টের (সিএএস) রায়ে এই জয় পায় পশ্চিম আফ্রিকার দেশটি। এর ফলে মাঠের লড়াইয়ে অতিরিক্ত সময়ে মরক্কোকে ১-০ গোলে হারিয়ে পাওয়া তাদের মূল জয় ও শিরোপা পুনর্বহাল হলো।

গত জানুয়ারিতে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে নির্ধারিত সময় গোলশূন্য থাকার পর মরক্কো পেনাল্টি পেলে রেফারির সিদ্ধান্তের প্রতিবাদে মাঠ ছেড়ে যান সেনেগালের খেলোয়াড়েরা। পরে তাঁরা মাঠে ফিরে আসেন এবং অতিরিক্ত সময়ে গোল করে ১-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়েন।

তবে ম্যাচ শেষের কয়েক মাস পর গত মার্চে আফ্রিকান ফুটবল কনফেডারেশন (সিএএফ) ও আপিল কমিটি নিয়ম ভঙ্গের অভিযোগে সেনেগালের জয় বাতিল করে মরক্কোকে ৩-০ গোলে বিজয়ী ঘোষণা করেছিল। সিএএফের সেই সিদ্ধান্তের বিরুদ্ধে সিএএসের দ্বারস্থ হয়েছিল সেনেগাল ফুটবল ফেডারেশন (এফএসএফ)।

সিএএস তাদের বিবৃতিতে জানিয়েছে, সেনেগালের করা আপিল গ্রহণ করা হয়েছে। এই রায়ের ফলে সেনেগাল আনুষ্ঠানিকভাবে তাদের প্রাপ্য আফকন শিরোপা ফিরে পেল।