রাজধানীর উত্তরার হোটেল অ্যাম্বাসেডর থেকে পড়ে কিশোর মডেল মাহমুদুল হাসান সিয়ামের (১৭) মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় তার তিন সহকর্মীকে তিন দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৪ নভেম্বর) মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাত এই আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ৭ নভেম্বর উত্তরায় একটি হোটেল ভবন থেকে পড়ে মারা যান ১৭ বছর বয়সী মডেল সিয়াম। এই ঘটনার পর তার বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সিয়ামের ওই তিন সহকর্মীকে আসামি করা হয়।

পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন এবং ঘটনার নেপথ্যের রহস্য উন্মোচনে আসামিদের জিজ্ঞাসাবাদ করা জরুরি। আদালত আসামিদের তিন দিনের পুলিশি রিমান্ড মঞ্জুর করার পর তাদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।