অনলাইন ডেটিং সাইটে নারীদের ছবি ও ভুয়া পরিচয় ব্যবহার করে প্রতারণা করার অভিযোগে ময়মনসিংহ নগরে অভিযান চালিয়ে ছাত্রদল নেতাসহ সাতজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার রাত সাড়ে ১২টার দিকে নগরের সেনবাড়ি এলাকার একটি ভবন থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, 'মেগাপারসোনাল ডটকম' নামের একটি আন্তর্জাতিক ডেটিং সাইটে নারীদের ছবি ব্যবহার করে পুরুষদের প্রলুব্ধ করত চক্রটি। ডেটিংয়ের সুযোগ দেওয়ার কথা বলে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়া হতো। চ্যাটের অপর প্রান্তে কোনো নারী না থাকলেও, চক্রের পুরুষ সদস্যরা নারী কণ্ঠের অনুকরণে কথা বলতেন।
মঙ্গলবার বিকেলে পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান তাঁর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। পুলিশ জানায়, অভিযানের সময় তাঁদের কাছ থেকে তিনটি ল্যাপটপ, সাতটি মুঠোফোন এবং নারীদের বিভিন্ন আপত্তিকর ছবি জব্দ করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক নাঈম মণ্ডল (২৪), মনির হোসেন (২৩), মাসুদ আল মারুফ (২৫), তানভীর আহম্মেদ (২৫), জিল্লুর রহমান (২৭), মজনু (২৬) ও মো. রাকিব (২০)। তাঁরা সবাই বিভিন্ন কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী বলে পুলিশ জানিয়েছে।












