রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরানো, যাত্রীসেবার মানোন্নয়ন এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণের লক্ষ্যে পর্যায়ক্রমে ৩ হাজার আধুনিক বৈদ্যুতিক বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার। মঙ্গলবার (২৪ নভেম্বর) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এই পরিকল্পনার কথা জানানো হয়।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানান, রাজধানীর গণপরিবহনে দীর্ঘদিনের বিশৃঙ্খলা দূর করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিক পর্যায়ে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) মাধ্যমে সরকারি ব্যবস্থাপনায় এই কার্যক্রম শুরু করা হবে। পরবর্তীতে বেসরকারি বাস মালিকদেরও এই ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা রয়েছে সরকারের।

এছাড়া বিশ্বব্যাংকের সহায়তায় বাংলাদেশ ক্লিন এয়ার প্রজেক্টের (বিসিএপি) আওতায় গণপরিবহন সংস্কার এবং ‘গ্রস-কস্ট’ মডেল বাস্তবায়নের পরিকল্পনাও হাতে নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। পরিবেশবান্ধব এসব বাস চালুর ফলে শহরের দূষণ কমার পাশাপাশি নগরবাসীর যাতায়াত আরও আরামদায়ক হবে বলে আশা করা হচ্ছে।