ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নকে প্রস্তাবিত ‘বরিশল’ নামে নতুন উপজেলায় অন্তর্ভুক্ত করার উদ্যোগের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথ অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সদর উপজেলার পাঘাচং রেলস্টেশন এলাকায় এই অবরোধ কর্মসূচি পালন করা হয়। এতে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ এক ঘণ্টা বন্ধ থাকে। তবে আজকের পত্রিকার খবরে ৩০ মিনিট ট্রেন চলাচল ব্যাহত হওয়ার কথা জানানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, জেলা বিএনপির সদস্য কবির আহমেদ ভূঁইয়ার উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা, সুলতানপুর, বাসুদেব ও বরিশল ইউনিয়ন নিয়ে নতুন ‘বরিশল’ উপজেলা গঠনের জন্য স্থানীয় সরকার বিভাগে আবেদন করা হয়। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় প্রস্তাব পাঠানোর নির্দেশ দেয় স্থানীয় সরকার বিভাগ। এই উদ্যোগের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই ক্ষুব্ধ হয়ে ওঠেন মাছিহাতাসহ সংশ্লিষ্ট ইউনিয়নের লোকজন।
এর আগে গত ৮ নভেম্বর একই দাবিতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কোড্ডা লেভেলক্রসিং এলাকায় ঢাকা–সিলেট ও ঢাকা–চট্টগ্রাম রেলপথ এবং আখাউড়া–আগরতলা সড়ক অবরোধ করেছিলেন স্থানীয়রা। সে সময় আলোচনার আশ্বাসে সাড়ে চার ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হয়েছিল। মঙ্গলবারও স্থানীয় লোকজন প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভের মাধ্যমে তাদের দাবি তুলে ধরেন।












