নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন দেশের বরেণ্য নাট্যব্যক্তিত্ব ও অভিনেতা মামুনুর রশীদ। গত তিন থেকে চার দিন ধরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
নির্মাতা অনিমেষ আইচ এবং অভিনয় শিল্পী সংঘ সূত্রে জানা গেছে, সম্প্রতি খুলনা থেকে একটি উৎসব থেকে ফেরার পরপরই তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাঁর শারীরিক অবস্থার উন্নতির জন্য চিকিৎসকেরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা কিছুটা ওঠানামা করছে বলে জানিয়েছেন নির্মাতা অনিমেষ আইচ। তবে তাঁর সঙ্গে কথা হয়েছে এবং কথাবার্তা স্বাভাবিক রয়েছে।
পরিবারের পক্ষ থেকে হাসপাতালে ভিড় না করার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে। এর আগে ২০২৫ সালেও অসুস্থতার কারণে তাঁকে আইসিইউতে চিকিৎসা নিতে হয়েছিল।












