ভারতের রাজধানী নয়াদিল্লির পূর্বাঞ্চলীয় প্রীতবিহার এলাকার একটি ক্যাফেতে ২২ বছর বয়সী এক তরুণী তাঁর সহকর্মীদের হাতে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার রাতে ঘটে যাওয়া এই ঘটনায় দুই নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত আরও তিনজন পলাতক রয়েছেন।

চ্যানেল আই অনলাইন ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনের বরাত দিয়ে জানিয়েছে, এ ঘটনায় দুই নারীসহ ছয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে এবং এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। কোন অভিযোগে মামলা হয়েছে বা গ্রেপ্তারদের নাম কী, তা ওই প্রতিবেদনগুলোতে উল্লেখ করা হয়নি।

প্রাথমিক তদন্তের বরাত দিয়ে পুলিশ জানায়, ওই তরুণী ও তাঁর ছয় সহকর্মী প্রথমে একটি ক্যাফেতে একসঙ্গে সময় কাটান এবং সেখানে মদ্যপান করেন। রাত ২টার দিকে তাঁরা সেখান থেকে বেরিয়ে যান। তাঁরা সবাই দুটি ভিন্ন ক্যাফেতে কাজ করেন। পুলিশের ভাষ্যমতে, বেরিয়ে যাওয়ার পর তরুণী তাঁর মাকে ফোন করে জানান, তিনি মান্দাওয়ালিতে এক বন্ধুর বাড়িতে যাচ্ছেন। এরপর এক পুরুষ বন্ধু ওই তরুণীসহ তিন নারীকে মান্দাওয়ালিতে নামিয়ে দেন।

পুলিশের মতে, নিজেদের বাড়িতে না গিয়ে দলের সবাই এরপর কাছাকাছি আরেকটি ক্যাফেতে যান, যেটি প্রীতবিহার থানার আওতাধীন এলাকায় অবস্থিত। ওই তরুণী জানতেন, ক্যাফেটির চাবি একটি ফুলের টবের নিচে লুকানো থাকে। সেই চাবি বের করে তাঁরা রাতের জন্য বন্ধ ক্যাফেটি খোলেন এবং ভেতরে পার্টি করেন। পুলিশের ভাষ্যমতে, ভুক্তভোগী তরুণীসহ সাতজনই সেখানে উপস্থিত ছিলেন এবং তাঁরা আবার মদ্যপান করেন। ভোররাত সাড়ে তিনটার দিকে সবাই ক্যাফে থেকে বেরিয়ে যান।

পুলিশ কর্মকর্তারা জানান, ভোর আনুমানিক ৫টা ৪৫ মিনিটের দিকে ওই তরুণী আরেকজন পুরুষ বন্ধুকে সঙ্গে নিয়ে পুলিশ নিয়ন্ত্রণ কক্ষে (পিসিআর) ফোন করেন। পরে তাঁকে থানায় নিয়ে যাওয়া হয়।