কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোকে রাজনৈতিক দল হিসেবে বিলুপ্ত বা নিষিদ্ধ করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সাতজন জুলাই যোদ্ধার পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী এ এস এম শাহরিয়ার কবির এই রিট করেন।

রিটে আওয়ামী লীগ ও এর সব সহযোগী সংগঠনকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা ও তালিকাভুক্ত করতে সরকারের ব্যর্থতা চ্যালেঞ্জ করা হয়েছে। পাশাপাশি সংসদের আইন প্রণয়ন বা অধ্যাদেশের মাধ্যমে দলটিকে রাজনৈতিক দল হিসেবে স্থায়ীভাবে বিলুপ্ত করার আরজি জানানো হয়েছে।

এ ছাড়া টেলিভিশন টকশো এবং সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের পক্ষে সাফাই গাওয়া, ২০২৪ সালের হত্যাকাণ্ড অস্বীকার করা এবং জুলাই যোদ্ধাদের নিয়ে অবমাননাকর মন্তব্যকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। একইসঙ্গে দলটির সব ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলসহ অনলাইন কনটেন্ট এবং উসকানিমূলক পোস্ট অপসারণ বা ব্লক করার আরজিও রয়েছে রিটে।

রিটে স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, তথ্য সচিব, বিটিআরসি চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট ৯টি সরকারি দপ্তরের প্রধানকে বিবাদী করা হয়েছে। আবেদনে ২০২৪ সালের ৫ আগস্টের পর সংঘটিত বিভিন্ন সহিংসতার বিচার ও অনুসন্ধানের জন্য সুপ্রিম কোর্টের বিচারপতির নেতৃত্বে একটি স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনেরও নির্দেশনা চাওয়া হয়েছে।