রাজধানীর পল্টন এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে আটক করে সেদ্ধ ডিম, পানি ও কফি খাইয়ে পুলিশে সোপর্দ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন ও তাঁর অনুসারীরা। আটক ব্যক্তির নাম জাভেদ দিদার—প্রথম আলো, দৈনিক ইত্তেফাক ও চ্যানেল আই অনলাইনের প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে।

ওই প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ১০টার দিকে পল্টন এলাকা থেকে তাঁকে আটক করা হয়। এরপর তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। বাংলা ট্রিবিউন লিখেছে, তাঁকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করা হয়।

ঘটনার একটি ভিডিও রবিউল ইসলাম নয়ন তাঁর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেছেন। ভিডিওতে দেখা যায়, আটকের পর নয়ন ওই ব্যক্তির পরিচয় ও সেখানে অবস্থানের কারণ জানতে চাইলে তিনি নিজেকে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের লালবাগ থানার ২৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক বলে জানান। ভিডিওতে নয়নকে বলতে শোনা যায়, তিনি ওই নেতাকে দুটি সেদ্ধ ডিম খেতে দেন। প্রথমে ডিম খেতে অস্বীকৃতি জানালে নয়ন বলেন, ‘আপনিও খান, আমিও খাই।’ এরপর নয়ন নিজেও একটি ডিম খান। পরে ওই নেতাকে পানি ও কফি দেওয়া হয়।

আজকের পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, আটকের পর ওই ব্যক্তিকে আতঙ্কিত না হওয়ার আশ্বাস দেন নয়ন এবং তাঁর মানিব্যাগ, মোবাইল ফোনসহ ব্যক্তিগত জিনিসপত্র যথাযথভাবে বুঝিয়ে দেওয়ার নির্দেশনা দেন উপস্থিত নেতা-কর্মীদের।

ভিডিওতে নয়ন অভিযোগ করেন, জাভেদ দিদার শেখ হাসিনার আগমন উপলক্ষে গুলিস্তানের আশপাশে নাশকতার পরিকল্পনা করছিলেন। তিনি বলেন, ‘যাতে উনার শক্তি হয়, এ জন্য দুইটা ডিম খাওয়াইছি। পানির বোতল দিছি।’ জাগো নিউজ ২৪-এর শিরোনামে বলা হয়েছে, নাশকতার পরিকল্পনার অভিযোগে ওই নেতাকে আটক করা হয়েছে।