সিলেট নগরের জল্লারপাড় এলাকার একটি আবাসিক হোটেল থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ছেলে ও ভাইসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) ভোরের দিকে এই অভিযান চালানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সাবেক এমপি বদির ছেলে শাওন আরমান, ভাই আমিনুর রহমান, সহযোগী আবদুস শুক্কুর এবং টেকনাফ পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ হোসেন। সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম গণমাধ্যমকে এই আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১২টার দিকে সিলেট কোতোয়ালি মডেল থানা ও মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল নগরীর জল্লারপাড় এলাকার হোটেল গ্র্যান্ড প্যালেসে যায়। পরে সেখানে দীর্ঘক্ষণ যাচাই-বাছাই ও রাতভর অভিযান শেষে ভোর পাঁচটার দিকে তাঁদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক ধারণা করা হচ্ছে, তাঁরা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে সিলেটে অবস্থান করছিলেন।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে কক্সবাজারের টেকনাফসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এসব মামলার ভিত্তিতে তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।












