ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা নিয়ে সরকার কোনো চাপে নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ হাসিনা কবে দেশে আসবেন তা তাঁর জানা নেই। প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তিনি দেশে ফিরতে পারেন এবং এ বিষয়ে ভারতকে জানানো হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। ফেরার সম্ভাব্য তারিখ নিয়ে তিনি বলেন, “আসিব-আসিব বলে কতদিন” — একবার নভেম্বর, একবার ডিসেম্বর, আবার ১৬ ডিসেম্বর বলা হচ্ছে; এসব নিয়ে সরকারের মনোযোগ নেই।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাকে সরকারের নিয়মিত কাজ বলে উল্লেখ করেন মন্ত্রী। তিনি জানান, ষড়যন্ত্রে জড়িত পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কঠোর নজরদারিতে রাখা হয়েছে এবং যাদের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পাওয়া যাবে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। ফ্যাসিবাদী শক্তির সঙ্গে জড়িত কিছু পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।
আওয়ামী লীগের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দলটি নিজেদের কার্যক্রমের মাধ্যমে একটি সন্ত্রাসী গোষ্ঠীতে পরিণত হয়েছে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে গণহত্যার পর রাজনৈতিক দল হিসেবে তাদের কোনো স্বীকৃতি নেই এবং বাংলাদেশের মানুষও তা দেবে না বলে তিনি মন্তব্য করেন। নাৎসি বাহিনীর গণহত্যার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ইতিহাস সাক্ষী যে এমন ফ্যাসিস্ট ও মাফিয়া শক্তি পৃথিবীর কোথাও টিকে থাকতে পারেনি। মন্ত্রী জানান, আওয়ামী লীগের মানবতাবিরোধী অপরাধের তদন্ত চলছে।












